রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

 সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলে, জানিয়েছেন তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ্। তিনি বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং একটি নির্বাচনমুখী দল আজ রোববার, রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে, সকালে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে, গোলাম মসীহ্ এসব কথা বলেন। সভা শেষে জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির প্রেস সচিব, জামাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে গতকাল শনিবার রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন।

সেখানে তাঁরা আগামী নির্বাচন ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে গোলাম মসীহ্ বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নেই।’ আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের, নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানো ও দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করার আহ্বান জানিয়ে গোলাম মসীহ্ বলেন, ‘জাতীয় পার্টি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত একটি শক্তিশালী রাজনৈতিক দল। রাজপথে সংগ্রাম করেই আমরা এগিয়ে যাচ্ছি।’ অবশ্য বেশ কিছুদিন ধরেই জাতীয় পার্টিতে দুটি ধারা স্পষ্ট। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে, রওশন এরশাদের সঙ্গে, মতবিরোধ রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা, জি এম কাদেরের।


Comments